লক্ষ্মীপুরের রামগঞ্জে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে চাচার হামলায় সানোয়ার হোসেন (২৯) নামে স্থানীয় এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত চাচার দুই ছেলে রাকিব হোসেন ও রাহাত হোসেনকে আটক করেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতি বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানায়, হামলার সময় সানোয়ারকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর মা হাসিনা বেগম ও ছোট ভাই আরিফ হোসেনও আহত হন। নিহত সানোয়ার কাঞ্চনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে চাচা কামাল হোসেনের সঙ্গে সানোয়ারদের দীর্ঘদিনের বিরোধ ছিল। শনিবার বাড়ির পুকুরঘাটে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কামাল ধারালো শাবল দিয়ে সানোয়ারের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ উঠেছে।
নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী বলেন, “চিৎকার শুনে দৌড়ে এসে দেখি, স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। শাশুড়ি আর দেবরকেও মারধর করা হয়েছে।”
আহত হাসিনা বেগম সাংবাদিকদের বলেন, “কামাল ও তার ছেলেরা প্রায়ই আমাদের ওপর হামলা চালাত। এবার আমার ছেলেকেই হত্যা করেছে। আমি এর বিচার চাই।”
উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী জানান, পারিবারিক দ্বন্দ্বে ওয়ার্ড আমির সানোয়ার নিহত হয়েছেন। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রামগঞ্জ থানার ওসি মো. আবদুল বারী বলেন, “ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”