‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান।
এর আগে ওই আইনজীবী হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। এতে উল্লেখ করা হয়, নারীরা যাতে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ এবং যৌতুকসংক্রান্ত আইনের অপব্যবহার করে পুরুষদের হয়রানি করতে না পারে, সে জন্য আইনের সমতা ও ন্যায়বিচারের স্বার্থে পুরুষদের সুরক্ষায় একটি পৃথক আইন প্রণয়ন করা প্রয়োজন।
রিটে নতুন আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেওয়ারও আর্জি জানানো হয়েছিল।
তবে প্রাথমিক শুনানি শেষে আদালত রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত দেন।