টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে গত শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। রাত প্রায় একটার দিকে এ ঘটনা ঘটে।
শহরের কবি নজরুল সরণিতে অবস্থিত ওই ভবনের নিচতলায় ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’, আর তার ওপরের তলায় কাদের সিদ্দিকীর ব্যক্তিগত বাসা। হামলার সময় তিনি নিজ বাসায় অবস্থান করছিলেন।
বাসার কর্মচারীরা জানিয়েছেন, প্রায় ১০ থেকে ১৫ জন মুখোশধারী ও হেলমেট পরা যুবক হঠাৎ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে তারা মই ব্যবহার করে ভেতরে ঢুকে দুটি গাড়ি ভাঙচুর করে। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে টাঙ্গাইল থানার ওসি তানবীর আহমেদ জানান, পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে আজ রোববার কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশ হওয়ার কথা ছিল, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। একই সময় ও স্থানে ‘ছাত্র সমাজ’ নামের আরেকটি সংগঠনও কর্মসূচি ঘোষণা করে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রশাসন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাসাইল শহীদ মিনার ও আশপাশে ১৪৪ ধারা জারি করেছে।