পর্তুগাল শাখা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, লিসবন মহানগর বিএনপির প্রস্তাবিত সভাপতি এবং জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট (সোমবার) সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এনামুল হক সোহেলের বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্যসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেও সাইদুল ইসলাম দলীয় কার্যক্রম, প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ রাখা এবং দেশপ্রেমমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।” তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃত্ব ভবিষ্যতেও দলকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
সংবর্ধনার জবাবে সাইদুল ইসলাম উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি দলের আদর্শ বাস্তবায়ন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং সাইদুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।