পর্তুগালের সলিডারিটি ইমিগ্র্যান্ট-এর সভাপতি তিমোতেও মাসেদো বলেছেন, স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় চলমান অভিবাসন সংকট রাজনৈতিক উদ্দেশ্যে অভিবাসনকে ব্যবহার করার প্রবণতা এবং তথাকথিত ‘দুর্গ ইউরোপ’ নীতির ব্যর্থতাকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।
প্রতিবেশী সংবাদমাধ্যম টিএসএফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিমোতেও মাসেদো বলেন, সেউতার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে বহু অভিবাসী খাদ্য, চিকিৎসাসেবা ও মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তাঁর মতে, এমন পরিস্থিতিতে ইউরোপের নীরবতা ও নিষ্ক্রিয়তা গভীর উদ্বেগের বিষয়।
তিনি অভিযোগ করেন, কিছু রাজনীতিবিদ অস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অভিবাসন ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। একই সঙ্গে জনপরিসরে অভিবাসীদের নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা তাদের অমানবিকভাবে উপস্থাপন করছে এবং সমাজে বিভাজন সৃষ্টি করছে।
তিমোতেও মাসেদো বলেন, “সেউতায় জরুরি ভিত্তিতে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া প্রয়োজন। যেকোনো দেশের মানুষ, যেকোনো পরিস্থিতিতে থাকুক না কেন, তাদের জাতীয়তা বা উৎস নির্বিশেষে মানবিক ও সহানুভূতিশীল আচরণ পাওয়ার অধিকার রয়েছে।”
তিনি আরও বলেন, বাস্তবে প্রায়ই এমন নীতি ও আচরণ দেখা যায়, যা স্পষ্টতই বৈষম্যমূলক। কোনো কোনো জনগোষ্ঠী সংকটে পড়লে দ্রুত আন্তর্জাতিক সহায়তা পৌঁছে যায়, অথচ অন্যদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। তাঁর ভাষায়, এই দ্বৈত মানদণ্ড গ্রহণযোগ্য নয় এবং এটি মানবিক মূল্যবোধের পরিপন্থী।
সলিডারিটি ইমিগ্র্যান্ট অ্যাসোসিয়েশন পর্তুগাল তথা ইউরোপের অন্যতম বৃহৎ অভিবাসীদের সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি অভিবাসীদের অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় সক্রিয়ভাবে কাজ করে আসছে এবং বিভিন্ন মানবিক ও সামাজিক ইস্যুতে অভিবাসীদের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করছে।