অবৈধ অভিবাসন ইস্যুতে স্পেনকে ইউরোপের সীমান্তমুক্ত শেনজেন অঞ্চল থেকে সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছে ইতালি। বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, মরক্কো থেকে স্পেনের সেউতা ছিটমহলে হাজারো অভিবাসীর প্রবেশ ইউরোপীয় সীমান্ত নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মেলোনি জানান, ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে এবং প্রয়োজন হলে স্পেনের বিরুদ্ধে শেনজেন চুক্তি স্থগিতের মতো ‘ব্যতিক্রমী ব্যবস্থা’ নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও একই দাবি জানান। তিনি অভিযোগ করেন, স্পেন ৫ লাখের বেশি অনিয়মিত অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ায় মানবপাচার উৎসাহিত হচ্ছে এবং এটি ইউরোপের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।
তবে ইতালির এ মন্তব্য প্রত্যাখ্যান করেছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, অভিবাসন ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয়। তিনি ইতালির বক্তব্যকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে ইউরোপীয় সংহতির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, শেনজেন অঞ্চল হলো ইউরোপের ২৯টি দেশের একটি সীমান্তমুক্ত ভ্রমণব্যবস্থা, যেখানে সদস্য দেশগুলোর মধ্যে সাধারণত পাসপোর্ট পরীক্ষা ছাড়াই যাতায়াত করা যায়।