সিলেটের গোলাপগঞ্জে আয়োজিত একটি সমাবেশে অংশ নিতে রওয়ানা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে তারা সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন।
এই সফরে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গোলাপগঞ্জ এলাকায় শহীদ হওয়া সাতটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা শহীদ পরিবারের খোঁজখবর নেবেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
এনসিপির গোলাপগঞ্জ উপজেলা শাখা জানিয়েছে, শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া সফরকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গেও দলটির কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়ের কথা রয়েছে।