কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনের অনেক আগে থেকেই দেশে থেকে দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমান। তার ভাষায়, “নির্বাচন নিয়ে যারা নানা ষড়যন্ত্র করছে, তাদের সেই চেষ্টা সফল হবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
ডা. জাহিদ আরও বলেন, জনগণের অধিকার হরণে স্বৈরাচারী চক্রান্ত চলছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আস্থা রাখে না, তারাই এসব ষড়যন্ত্রের নেপথ্যে কাজ করছে।
তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিকে অবৈধ দাবি করে বলেন, “সংবিধান ইচ্ছে করলেই বাতিল করা যায় না। আবেগ নয়, বরং জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।”