চলতি বছর যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বজুড়ে প্রায় ৭০টি কেন্দ্রে শুরু হয়েছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট’-এর অধীনে ক্বিরাত কোর্স। এরই ধারাবাহিকতায় ইউরোপের অন্যতম কেন্দ্র স্পেনের মাদ্রিদে শাহজালাল লতিফিয়া বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও গ্রীষ্মকালীন ছুটিতে শুরু হয়েছে পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও তাজবিদ শিক্ষার বিশেষ কার্যক্রম।
লতিফিয়া ক্বারী সোসাইটির তত্ত্বাবধানে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে প্রথাগত এ সেশনের ক্লাস শুরু হয়। এতে শতাধিক শিক্ষার্থী ‘জামাতে ছুরা’ থেকে ‘জামাতে ছালিছ’ পর্যন্ত বিভিন্ন শ্রেণিতে তালিম নিচ্ছেন। শিক্ষার্থীদের পাঠদানে নিয়োজিত আছেন ৭ জন অভিজ্ঞ শিক্ষক। এতে প্রধান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ মোঃ উসমান খান শামীম। এছাড়া অন্যান্য শিক্ষক ও পরিচালনা কমিটির দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন শাখা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আবুল কাসেম, সহকারী হাফিজ মুজাহিদুল ইসলাম, ক্বারী মাওলানা মোফাচ্ছির আহমেদ, ক্বারী আতিকুর রহমান, ক্বারী মিজানুর রহমান এবং ক্বারীয়া খাদিজাতুল জান্নাত।
আয়োজকরা জানান, সাধারণত শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হয়। চার সপ্তাহব্যাপী এ বিশেষ কোর্সের কার্যক্রম আগস্ট মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে চূড়ান্ত পরীক্ষা ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।
উল্লেখ্য, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদানে বিশ্বজুড়ে এক অনন্য ভূমিকা পালন করে আসছে ‘দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট’। জৌনপুরী সিলসিলার অন্যতম বুজুর্গ, মুজাদ্দিদে জামান, শামসুল উলামা হযরত আল্লামা মোহাম্মদ আব্দুল লতীফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (র.) ১৯৫০ সালে এ ট্রাস্ট গঠন করে নিজ বাড়িতে এর প্রাতিষ্ঠানিক সূচনা করেছিলেন।
বর্তমানে এই ট্রাস্টের অধীনে প্রতি বছর রমজান মাসে প্রায় দুই সহস্রাধিক শাখাকেন্দ্রের মাধ্যমে লাখ লাখ শিক্ষার্থী কুরআন তিলাওয়াতের প্রশিক্ষণ পান। ট্রাস্টের সমাপনী শ্রেণি ‘ছাদিছ’-এর পাঠদান ও পরীক্ষা ফুলতলী ছাহেব বাড়ীতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকাতেও ইলমে ক্বিরাতের এ মহতী প্রশিক্ষণ সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।