ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাস মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, বিশ্বের প্রতিটি মুসলমান মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।
রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিচারণা করেন। তিনি বলেন— “ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানবিক মর্যাদা রক্ষা সম্ভব নয়। মহানবীর (সা.) জীবন আমাদের শেখায় শান্তি, সহমর্মিতা ও ন্যায় প্রতিষ্ঠার পথ।”
তিনি আরও ‘মদিনা সনদ’, ‘হুদায়বিয়ার সন্ধি’, ‘মক্কা বিজয়’ ও ‘বিদায় হজ্ব’-এর শিক্ষা তুলে ধরে বলেন, মহানবীর সুন্নাহ ও আদর্শ মানবকল্যাণে অনুসরণ করা প্রত্যেকের কর্তব্য।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।