যুক্তরাজ্যে মাসব্যাপী উদযাপিত সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ উপলক্ষে লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘বাংলাদেশ দিবস’। গভীর শ্রদ্ধা, আলোচনা, কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে এতে বাংলাদেশের সমৃদ্ধ শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়।
রবিবার (১৯ জুলাই) সাউথ এশিয়ান হেরিটেজ ট্রাস্ট, সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্ট এবং অনেক্স ইউকে অ্যান্ড ইউরোপ-এর যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের ‘বাংলাদেশ দিবস’ উৎসর্গ করা হয় বাংলাদেশের দুই কালজয়ী সাহিত্যিক-জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কবি ও কথাসাহিত্যিক আল মাহমুদ-এর স্মৃতির প্রতি।
সাউথ এশিয়ান হেরিটেজ মান্থের বাংলাদেশ কান্ট্রি লিড শিল্পী নোমান আজমীর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের চেয়ারম্যান, কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী। আলোচনায় অংশ নেন টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইনার তাসলিমা আহমদ এমবিই, ব্রিট বাংলার তারিন খানম, শিল্পী ও ডিজাইনার শামা কুল, সাংবাদিক আজিজুল আম্বিয়া, অনেক্স ইউকে অ্যান্ড ইউরোপ-এর প্রতিষ্ঠাতা এইচ রহমান, আরিফুল হক ও বদরুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানের আকর্ষণীয় সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন রাউয়ী শিল্পী ড. সালেক মুর্শেদ। শিল্পী নোমান আজমী কবি আল মাহমুদের বিখ্যাত কবিতা ‘নোলক’ গানে সুর দিয়ে পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়া, বিশিষ্ট আইনজীবী ও আবৃত্তিকার নাসিম আহমদ পাঠ করেন কবি সাঈদ চৌধুরী রচিত এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা কবিতা ‘সৃষ্টির হিরন্ম বিস্ময়’।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের পাশাপাশি ভারত ও ভিয়েতনাম থেকে আগত অতিথি, মুক্তচিন্তার লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার পাশাপাশি বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময় সমৃদ্ধ করতেই এই আয়োজন।
উল্লেখ্য, প্রতি বছর ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত দক্ষিণ এশিয়ার আটটি দেশ-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান ও মালদ্বীপের ইতিহাস ও ঐতিহ্য উদযাপনে যুক্তরাজ্যজুড়ে পালন করা হয় ‘সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ’।