বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে—এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ‘রিপাবলিক অব বালুচিস্তান’ নামে ছড়িয়ে পড়া একটি বিবৃতিতে অঞ্চলটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা এবং ৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণের দাবি করা হয়েছে।
তবে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান সরকার বা কোনো স্বাধীন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ভাইরাল হওয়া ঘোষণার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভাইরাল বিবৃতিতে নতুন পতাকা, জাতীয় সংগীত, মুদ্রা ও প্রশাসনিক কাঠামো চালুর দাবি করা হয়েছে। একই সঙ্গে বালুচিস্তানের খনিজ সম্পদ, গ্যাসক্ষেত্র ও কয়লাখনির নিয়ন্ত্রণ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এতে আরও দাবি করা হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য বালুচদের পক্ষে যোগ দিয়েছেন এবং স্থানীয় বাহিনী অঞ্চলটির নিরাপত্তা পরিচালনা করছে। তবে এসব দাবিরও কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি।
বালুচ নেতা মীর ইয়ার বালুচ দাবি করেছেন, সাধারণ মানুষও পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধে অংশ নিচ্ছে। তবে পাকিস্তান সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
উল্লেখ্য, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা চলে আসছে। তবে সম্প্রতি ছড়িয়ে পড়া স্বাধীনতা ঘোষণার দাবিটি এখনো স্বাধীনভাবে নিশ্চিত নয়।