নোয়াখালীর সেনবাগ উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। স্বামীর মৃত্যুর মাত্র ১২ মিনিট পরই মারা গেছেন স্ত্রীও। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে ছায়দুল হক (৫৯) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রী বিবি মরিয়ম (৫৫) অটোরিকশার ভেতরেই স্ট্রোক করেন। দ্রুত একই চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়।
কেশারপাড় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তালেব টিপু জানান, স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যুতে পুরো গ্রামে শোক নেমে এসেছে। শুক্রবার সকাল ৯টায় দম্পতিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত দম্পতি আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তারা ৬ ছেলে ও ৩ মেয়ের জনক-জননী ছিলেন।