মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাপার এলাকায় একটি ইস্পাত প্রক্রিয়াজাতকরণ কারখানার বয়লারে আগুন লেগে দগ্ধ হয়ে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে কাম্পুং তোক মুদা এলাকার একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের অপারেশনসের সহকারী পরিচালক আশরুল রিয়েজাল আসবার জানান, সকাল ৮টা ১৮ মিনিটে জরুরি কল পাওয়ার পর কাপার ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, প্রায় ২০ ফুট × ২০ ফুট আয়তনের একটি শিল্প বয়লারে আগুনের সূত্রপাত হয়। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
দুর্ঘটনায় কারখানাটিতে কর্মরত প্রায় ৩০ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন। আগুনে তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।
দমকল বিভাগের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলটি কাপার ফায়ার স্টেশন থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে জালান জানাকুয়াসা, কাম্পুং তোক মুদা এলাকায় অবস্থিত। উদ্ধার ও তল্লাশি অভিযানে একটি ফায়ার ইঞ্জিন এবং সাতজন দমকলকর্মী অংশ নেন।
কী কারণে বয়লারে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
প্রবাসী বাংলাদেশি মহলে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শ্রমিকের পরিচয় এবং তার নিজ জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।