জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদের এবং তাঁর স্ত্রী শরীফা কাদেরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া গত ১ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ দেন। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছে।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, জি এম কাদের ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে। তাঁদের নামে দেশে-বিদেশে অবৈধভাবে অর্জিত সম্পদের তথ্য পাওয়া গেছে। গোপন সূত্রে জানা যায়, তাঁরা এসব সম্পদ হস্তান্তরের মাধ্যমে বিদেশে পালানোর চেষ্টা করছেন। এ অবস্থায় বিদেশে চলে গেলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। তাই তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি হয়ে পড়েছে।
এর আগে, গত ২৩ মার্চ জি এম কাদের ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাঁদের হিসাব জব্দের নির্দেশনা দেওয়া হয়।
গত বছরের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে জি এম কাদের বিরোধীদলীয় নেতার দায়িত্বে ছিলেন। এর আগে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।