স্পেনের কাতালোনিয়ার বালাগের (Balaguer) শহরের একটি মিউনিসিপ্যাল সুইমিংপুলে ডুবে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের সেকা (Secà) এলাকার মিউনিসিপ্যাল সুইমিংপুলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দায়িত্বরত দুইজন লাইফগার্ড দ্রুত শিশুটিকে পানি থেকে উদ্ধার করে এবং প্রাথমিকভাবে পুনরুজ্জীবিত (সিপিআর) করার চেষ্টা করেন। পরে জরুরি চিকিৎসা সেবা (SEM) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও শেষ পর্যন্ত শিশুটির প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যা পৌনে ৮টার দিকে জরুরি কল পাওয়া যায়। ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বালাগের সিটি কাউন্সিল (পাইয়েরিয়া)। বুধবার শহরে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে। এদিন পৌর ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং নির্ধারিত সব সাংস্কৃতিক ও জনসাধারণের অনুষ্ঠান স্থগিত থাকবে। তবে শিশুদের গ্রীষ্মকালীন ক্যাম্প চালু থাকবে।
প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সুইমিংপুল দুটি জনসাধারণের জন্য খোলা রাখা হবে, কারণ এগুলোকে ‘ক্লাইমেট রিফিউজ’ বা তাপ থেকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে। নিহত শিশুর স্মরণে বুধবার সন্ধ্যা ৬টায় পৌর সুইমিংপুল প্রাঙ্গণে এক মিনিট নীরবতা পালন করা হবে।