পর্তুগালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশি প্রবাসী মো. শামসুল ইসলাম কামরান। তার মৃত্যুতে পর্তুগালের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, গত শনিবার (৪ জুলাই) পর্তুগাল সময় রাত আনুমানিক ৯টার পর এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় আলমেদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়ে তারা সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা করছেন।
মো. শামসুল ইসলাম কামরানের বাড়ি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামে। তিনি মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছর দেশে এসে তিনি বিয়ে করেন। বিয়ের মাত্র তিন মাস পরই পরিবার ও উন্নত জীবিকার প্রত্যাশায় আবারও পর্তুগালে ফিরে যান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তার জীবন প্রদীপ নিভিয়ে দেয়।
তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন এবং পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।