মাদারীপুরের শিবচরে নদী থেকে মারিয়া নামে তিন মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে সন্তানের চুরির অভিযোগ তুললেও পরে জিজ্ঞাসাবাদে শিশুটিকে নদীতে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন মা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শিবচর পৌরসভার উপশহরসংলগ্ন ময়নাকাটা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হন মা রহিমা আক্তার। দুপুরে তিনি একা বাড়ি ফিরে এসে দাবি করেন— রাস্তার পাশে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে অচেতন করে শিশুটিকে ছিনতাই করে নিয়ে গেছে। পরে পরিবারের সদস্যরা থানায় বিষয়টি জানান।
পুলিশ তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রহিমাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি স্বীকার করেন, নিজেই শিশুকে ময়নাকাটা নদীতে ফেলে দিয়েছেন।
পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর বাবা মো. রফিকুল ইসলাম জানান, তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রায় দুই মাস ধরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। “মারিয়াকে নিয়ে ঘর থেকে বের হলেও পরে একা ফিরে এসে বলেছিলেন, দুর্বৃত্তরা শিশুকে চুরি করেছে।”
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের বলেন,
“সিসিটিভি ফুটেজ ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মা স্বীকার করেন যে তিনি শিশুটিকে নদীতে ফেলে দিয়েছেন। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”