লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে চলমান বইমেলার দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে সাংবাদিক, লেখক ও গবেষক ড. আজিজুল আম্বিয়ার নতুন গ্রন্থ ‘সময়, সমাজ ও রাষ্ট্রচিন্তা’। গতকাল বিকেল ৫টায় মেলার মূল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি শামীম আজাদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক আলমগীর শাহরিয়ারসহ লন্ডনের সুধীসমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমকালীন সমাজ, রাষ্ট্রব্যবস্থা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ড. আজিজুল আম্বিয়ার বিশ্লেষণধর্মী এই গ্রন্থ পাঠকদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে। বইটি প্রবাসী বাংলা সাহিত্যাঙ্গনে এরই মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যপ্রেমী, লেখক, সাংবাদিক ও দর্শনার্থীরা লেখককে অভিনন্দন জানান এবং বইটির সার্বিক সফলতা কামনা করেন। লন্ডনের বইমেলায় ড. আজিজুল আম্বিয়ার এই গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানটি ছিল দিনটির অন্যতম প্রধান আকর্ষণ।