অনলাইন জুয়ায় আসক্ত হয়ে প্রায় ৮ লাখ টাকা হারিয়েছেন আল আমিন (৩০) নামে কিশোরগঞ্জের এক যুবক। সর্বস্ব খুইয়ে এবার প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ নিলেন তিনি।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদি সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্লাস্টিকের মগ ও বোতলভর্তি দুধ মাথায় ঢেলে নিজেকে শপথবদ্ধ করেন আল আমিন। স্থানীয়রা ঘটনাটি মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়।
আল আমিন উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন পিকআপ চালক। তিনি জানান, স্থানীয়দের খেলা দেখে অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েন। প্রথমে মজা থেকে শুরু হলেও পরে তা নেশায় পরিণত হয়। একসময় মোবাইল অ্যাপ ‘নাইন অ্যাপস’-এ জড়িয়ে পড়েন তিনি এবং গত এক বছরে হারান প্রায় ৮ লাখ টাকা।
ক্ষতির দায় সামলাতে বিক্রি করতে হয়েছে তার চারটি গাড়ির মধ্যে একটি টমটম ও একটি পিকআপ। ভিডিওতে আল আমিনকে বলতে শোনা যায়,
“জুয়া খেলে আমার জীবন শেষ। গত এক বছরে আমার ৮ লাখ টাকা গেছে। আমার ৪টি গাড়ির মধ্যে ২টি বিক্রি করেছি। আমি সবার কাছে দোয়া চাই, আমি যতদিন বেঁচে থাকব আর কখনো জুয়া খেলব না। আমার এ দৃশ্য দেখে যদি একজনও শিক্ষা নেয়, তবে সেটাই আমার সার্থকতা।”