ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনটি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। পাশাপাশি ওই দেশগুলোর নাগরিকদের নতুন ভিসা ইস্যু এবং সৌদি আরবে প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) এ সিদ্ধান্তের কথা জানায় সৌদি কর্তৃপক্ষ।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা ও দক্ষিণ সুদান। শুধু সরাসরি নয়, অন্য কোনো দেশের মাধ্যমে (ভায়া) এসব দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।
এছাড়া সৌদি আরবে প্রবেশের আগে গত ২১ দিনের মধ্যে এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করেছেন—এমন ব্যক্তিদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি ওয়াকায়া জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সীমান্ত পেরিয়ে সংক্রামক রোগের বিস্তার রোধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
একই সঙ্গে ইবোলা-আক্রান্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত যাত্রীদের জন্যও স্বাস্থ্যবিধি আরও কঠোর করা হয়েছে। বিমানবন্দর ও অন্যান্য প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ শনাক্তকরণ এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানো হয়েছে।
ওয়াকায়ার তথ্য অনুযায়ী, সৌদি আরবে বর্তমানে জনস্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন এই বিধিনিষেধ কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত কোনো ইবোলা-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক মহামারি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে জনস্বাস্থ্য সুরক্ষায় আরও ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় দেশটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সূত্র: গালফ নিউজ