অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে পূর্ণ সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি চারপাশে ছড়িয়ে থাকা গুজবে কান না দেওয়ারও অনুরোধ করেন।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান।
বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কার্যক্রম আরও সুসংহত করার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং নির্বাচন পর্যন্ত সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমি জাতির কাছে অঙ্গীকার করেছি, এমন একটি নির্বাচন উপহার দেব যা অনন্য হয়ে উঠবে। প্রচুর ভোটার অংশগ্রহণ, নতুন ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, নিরাপত্তা ও সুরক্ষায় আন্তর্জাতিক আস্থা—সবই এই নির্বাচনের বৈশিষ্ট্য হবে। পাশাপাশি গণতন্ত্র ও আইনের শাসনের উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হবে।”
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে পুরো সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ। জনগণের কল্যাণ এবং দেশের স্থিতিশীলতার জন্য আমরা পূর্ণ সহায়তা প্রদান করব।”