লিবিয়ার বেনগাজী এর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টা ১৮ মিনিটে Buraq Air এর একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।
জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর সমন্বয়ে, লিবিয়া সরকার ও International Organization for Migration এর সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে ফেরা অধিকাংশ বাংলাদেশি সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহায়তায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে তাদের অনেকেই অপহরণ, নির্যাতন এবং অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
দেশে ফেরার পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং International Organization for Migration এর কর্মকর্তারা প্রত্যাবাসিতদের অভ্যর্থনা জানান।
জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রত্যাবাসিতদের নিজেদের এই কঠিন ও ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে International Organization for Migration প্রত্যাবাসনকৃত প্রত্যেক ব্যক্তিকে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী থাকার ব্যবস্থাও করেছে।
সরকার জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং International Organization for Migration যৌথভাবে কাজ চালিয়ে যাবে।