যুক্তরাজ্যপ্রবাসী ঐতিহ্যবাহী ও শত শহীদের স্মৃতিবিজড়িত শ্রীরামসী গ্রামের তরুণদের সামাজিক সংগঠন ‘শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন ইউকে’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের ব্রিকলেনের ‘আমার গাঁও’ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক পরামর্শ ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে সংগঠনের সার্বিক কার্যক্রম, বিগত দিনের কাজের মূল্যায়ন এবং শ্রীরামসী গ্রামের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া শিক্ষা, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে সংগঠনের ব্যাপ্তি আরও সম্প্রসারণের বিষয়ে উপস্থিত সদস্যরা একমত পোষণ করেন।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত ‘শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন ইউকে’ একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি শ্রীরামসী গ্রামের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতি বছর পবিত্র রমজান মাসে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণের পাশাপাশি এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে আসছে সংগঠনটি।
সভায় বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও তাদের হৃদয় জুড়ে রয়েছে প্রিয় জন্মভূমি। গ্রামের সার্বিক উন্নয়ন ও শিক্ষা বিস্তারে প্রবাসীদের এই ঐক্যবদ্ধ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভার শুরুতে সংগঠনের বোর্ড সদস্য সুহেল আহমদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মাহি হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ বেলাল মিয়া, আছকর উদ্দিন (দুলু), মাহবুব হোসেন, বেলাল উদ্দিন (মিঠু), সুয়াইবুর রহমান, জয়নাল হোসেন, শিবুল মিয়া, বাবরু মিয়া, আলী আছকর, লিটন মিয়া, নাজমুল ইসলাম, গুলজার আহমদ, কুতুব উদ্দিন, রিপন মিয়া, সুয়েব আহমদ, ইছরাক উদ্দীন, আমিনুর রহমান, উজ্জ্বল মিয়া ও মাসুম মিয়া প্রমুখ।
সভায় উপস্থিত সদস্যরা শ্রীরামসী গ্রামের উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আরও শক্তিশালী করার এবং মানবকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।