সান্ত জোয়ান উৎসবকে কেন্দ্র করে বার্সেলোনা সিটি কাউন্সিল শহরজুড়ে বিশেষ নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করেছে। এ উপলক্ষে অতিরিক্ত পুলিশ, ফায়ার সার্ভিস সদস্য এবং পরিচ্ছন্নতাকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গণপরিবহন, বিশেষ করে মেট্রো সেবা, দীর্ঘ সময় চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের সমুদ্রসৈকতগুলো ২৪ জুন ভোর ৬টা পর্যন্ত খোলা থাকবে। সৈকতে বিপুল মানুষের সমাগমের কথা মাথায় রেখে চিকিৎসা সহায়তা, তথ্যসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কোলসেরোলা বনাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি চালাবে দমকল বাহিনী। অনুমোদনহীন আগুন জ্বালানো ও আতশবাজি ব্যবহারের ওপরও কঠোর নজর রাখা হবে। প্রয়োজনে ড্রোন ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
উৎসব শেষে দ্রুত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শত শত কর্মী ও যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সৈকত এলাকায় বিশেষ ‘পুন্ট লিলা’ (Purple Point) সেবা চালু থাকবে।
এদিকে উৎসবের রাতে মানুষের চলাচল সহজ করতে বার্সেলোনা মেট্রো টানা ৪৩ ঘণ্টা সেবা দেবে। বিশেষ করে সৈকতগামী যাত্রীদের কথা বিবেচনায় কয়েকটি লাইনে অতিরিক্ত ট্রেন পরিচালনা করা হবে।