২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নিজের জাদুকরী ফুটবলের ঝলক দেখালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের ১৭ মিনিটে গোলের খাতা খোলার পর দুর্দান্ত হ্যাটট্রিক করে দলকে বড় জয় উপহার দেন তিনি। মেসির অনবদ্য পারফরম্যান্স ও আর্জেন্টিনার দাপুটে জয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের জয় ও মেসির অসাধারণ নৈপুণ্য নিয়ে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা-অভিনেত্রী ও সংগীতশিল্পীরা।
চিত্রনায়িকা পরীমণি খেলা দেখার একটি মুহূর্ত শেয়ার করে মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেন। পোস্টে তিনি লিখেছেন, “আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।”
অন্যদিকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনার পতাকার ইমোজি যুক্ত করে সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে লেখেন, “ঠিক আছে, শুভরাত্রি।” তার এই পোস্টও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
তরুণ অভিনেত্রী কেয়া পায়েল মেসির ছবি শেয়ার করে নিজের আবেগ প্রকাশ করেন। তিনি লেখেন, “মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইই! সব সময়ই সে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাত্র ১৭ মিনিটেই গোল, কী অসাধারণ শুরু!”
অভিনেত্রী তানিয়া বৃষ্টিও আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে লেখেন, “বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন মেসি।”
সংগীতশিল্পী তাসরীফ খান মেসির হ্যাটট্রিকের প্রশংসা করে বলেন, “সারাজীবন গর্ব করে বলবো, আমরা মেসির খেলা দেখা প্রজন্ম। কী অসাধারণ হ্যাটট্রিক, কী অবিশ্বাস্য একজন খেলোয়াড়!”
ম্যাচের পর প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের উদ্দেশে মজার ছলেই মন্তব্য করেছেন কয়েকজন তারকা। অভিনেতা খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে লেখেন, “প্রথম ম্যাচেই হ্যাটট্রিক, রাগ করলা?”
একইভাবে অভিনেতা ইরফান সাজ্জাদও হাস্যরসাত্মক ভঙ্গিতে লেখেন, “মেসি পরপর তিনটা গোল দিয়ে দিল, কিন্তু তোমাদের কোনো আওয়াজ নাই! রাগ করলা নাকি?”
তবে ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী। নিজে ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার প্রতি শুভকামনা জানিয়ে তিনি লেখেন, “আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।”
বিশ্বকাপের শুরুতেই মেসির হ্যাটট্রিক এবং আর্জেন্টিনার দাপুটে জয় শুধু ফুটবলপ্রেমীদের নয়, দেশের শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও নতুন করে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।