দীর্ঘ ১৬ বছর পর ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ড্র করেছে নিউজিল্যান্ড। ‘জি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে ইরান।
মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে দুটি গোল করেন এলিজা জাস্ট। অন্যদিকে ইরানের হয়ে গোল করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নিউজিল্যান্ড। সপ্তম মিনিটে অধিনায়ক ক্রিস উড ও সারপ্রিত সিংয়ের দারুণ সমন্বয়ে বল পেয়ে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন এলিজা জাস্ট।
প্রথম গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ইরান। তাদের ধারাবাহিক আক্রমণের ফল আসে ৩২ মিনিটে। সালমান গহদ্দোসের বাড়ানো বল থেকে সৃষ্ট সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরান রামিন রেজাইয়ান।
প্রথমার্ধের শেষদিকে ফ্রি-কিক থেকে ইরান আরও একটি গোল পেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। ৫৪ মিনিটে ক্রিস উডের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এলিজা জাস্ট। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কিউইরা।
৬৪ মিনিটে রামিন রেজাইয়ানের দারুণ ক্রস থেকে হেডে গোল করে ইরানকে আবারও সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি। এরপর দুই দলই গোলের জন্য একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।
পরিসংখ্যানে বল দখলে সামান্য এগিয়ে ছিল নিউজিল্যান্ড। ম্যাচে তাদের বল দখলের হার ছিল ৫৩ শতাংশ, যেখানে ইরানের ছিল ৪৭ শতাংশ। তবে আক্রমণের সংখ্যায় এগিয়ে ছিল ইরান।
শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। আগামী ২২ জুন গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে ইরান মুখোমুখি হবে বেলজিয়ামের। একই দিনে নিউজিল্যান্ড খেলবে মিশরের বিপক্ষে।