চীন সফর শেষ করে দেশে ফিরেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ছুটে গেলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতারা।
রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে বিমানবন্দর থেকে সরাসরি ঢামেক হাসপাতালে পৌঁছান এনসিপির যুগ্ম আহবায়ক নাহিদ ইসলাম, সারজিস আলমসহ দলের অন্য নেতারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির ও সংগঠক নাহিদ উদ্দিন তারেক।
হাসপাতালে গিয়ে নাহিদ ইসলাম চিকিৎসকদের কাছ থেকে নুরের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার সঙ্গে আলাপ করেন। তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং হামলায় জড়িত সেনা ও পুলিশের সদস্যদের বিচার দাবি করেন।
এর আগে একই দিনে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি নুরকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, নুরের ওপর হামলা পূর্বপরিকল্পিত ছিল এবং তাকে হত্যার উদ্দেশ্যেই এই আক্রমণ চালানো হয়েছে।