ফ্রান্সের বিখ্যাত বিশ্ব সাহিত্য অভিধান ‘ডিকশনারি মনডিয়াল ডেস লিটারেচার্স’ (Dictionnaire mondial des littératures)-এ স্থান পেয়েছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আন্তর্জাতিকভাবে সুপরিচিত ফরাসি জ্ঞানকোষ ও অভিধান প্রকাশনা প্রতিষ্ঠান ‘লারুস’ (Larousse) প্রকাশিত এই সাহিত্য অভিধানে নজরুলকে বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ কবি হিসেবে তুলে ধরা হয়েছে।
লারুসের তথ্যভাণ্ডারে ‘বিদ্রোহী কবি’ ‘লারুস’-এর তথ্য অনুযায়ী, কাজী নজরুল ইসলাম (১৮৯৯–১৯৭৬) বাংলা ভাষার এক অনন্য কবি, যিনি বিশেষভাবে “Poète rebelle” বা “বিদ্রোহী কবি” নামে পরিচিত। অভিধানে তাঁর সাহিত্যকর্মকে দেশপ্রেম, সামাজিক চেতনা ও মানবিক অনুপ্রেরণায় সমৃদ্ধ গীতিকাব্য হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া বিশ্ব সাহিত্য অভিধানে নজরুলের উল্লেখযোগ্য রচনার উদাহরণ হিসেবে তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (১৯২২) এবং ‘ভাঙার গান’–এর নাম বিশেষভাবে যুক্ত করা হয়েছে।
নজরুল গবেষক ও প্রবাসীদের মূল্যায়ন ফ্রান্সের প্যারিসে অবস্থিত ‘কাজী নজরুল ইসলাম সেন্টার’-এর উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী বলেন:
”ইউরোপের একটি স্বীকৃত ও ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সাহিত্যভিত্তিক জ্ঞানকোষে নজরুলের এই অন্তর্ভুক্তি বাংলা সাহিত্য ও সংস্কৃতির বৈশ্বিক পরিচিতির ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত। এটি কেবল একজন কবির আন্তর্জাতিক স্বীকৃতি নয়, বরং বিশ্বদরবারে বাংলা ভাষা ও সাহিত্যের শক্তিশালী উপস্থিতিরই প্রমাণ।
কাজী নজরুল ইসলাম সেন্টারের সভাপতি কবি সোহেল আহমদ বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের কবি নন, তিনি বিশ্বমানবতার কবি। অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে তাঁর বজ্রকণ্ঠ ও সাহিত্য আজও বিশ্বজুড়ে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে।” তিনি আরও জানান, ফরাসি কমিউনিটির কাছে জাতীয় কবিকে আরও ব্যাপকভাবে পরিচিত করে তুলতে তাঁদের সংগঠন ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।
উল্লেখ্য, ফরাসি প্রকাশনা প্রতিষ্ঠান ‘লারুস’ (Larousse) বিশ্বজুড়ে সাহিত্য, খ্যাতনামা লেখক এবং বিভিন্ন দেশের সাহিত্যধারার ওপর নির্ভরযোগ্য ও বিস্তৃত তথ্য উপস্থাপনের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।