নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরাও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন সমসাময়িক কার্যক্রম নিয়েও কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন। সরকার এ বিষয়ে কী অবস্থান নেবে।
জবাবে জাহেদ উর রহমান বলেন, কোনো ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করেন, তাহলে তাঁর অংশগ্রহণে কোনো সমস্যা নেই। তবে যেহেতু নির্বাচনটি নির্দলীয়, তাই নির্বাচনী প্রচারণায় কোনো রাজনৈতিক দলের পরিচয় বা দলীয় বক্তব্য ব্যবহার করা যাবে না।
তিনি বলেন, একজন ব্যক্তি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন। কিন্তু তিনি যদি প্রচারণায় আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য দেন, তাহলে সেটি সমস্যার সৃষ্টি করবে। এর বাইরে নির্ধারিত যোগ্যতা পূরণ করতে পারলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
পরে আরেক সাংবাদিক আওয়ামী লীগের পদধারী ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সংগঠনের কার্যক্রম ও কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তবে সংগঠন নিজেই নিষিদ্ধ নয়। ফলে কোনো ব্যক্তি তাঁর রাজনৈতিক পদ-পদবি ব্যবহার করতে পারবেন না। তবে ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইন ও বিধিমালার শর্ত পূরণ করা হলে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কারণ নেই।
তিনি আরও বলেন, যে কেউ নির্ধারিত শর্ত পূরণ করে নির্বাচনে অংশ নিতে চাইলে তিনি তা করতে পারবেন। সরকারের অবস্থান হলো, নির্বাচন হবে প্রচলিত নিয়ম ও বিধি অনুযায়ী।