রাজধানীর মতিঝিলে দিনের আলোয় এক ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে সংঘটিত এ ঘটনায় লোকমান হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। তারা লোকমান হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, হামলায় লোকমানের হাত ও পায়ে গুলি লাগে। ঘটনার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
টাকার পরিমাণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। আহত ব্যক্তির দাবি, তার ব্যাগে দেশি-বিদেশি মুদ্রা মিলিয়ে ৬০ থেকে ৭০ লাখ টাকার সমপরিমাণ অর্থ ছিল। তবে পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্যাগে প্রায় ১৭ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থাকতে পারে।
পুলিশ বলছে, অর্থের প্রকৃত পরিমাণ ও উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ছিনতাইয়ের পেছনের কারণ এবং অর্থের উৎস নিয়েও তদন্ত চলছে।
ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
মতিঝিল থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তদন্তের স্বার্থে সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।