কক্সবাজারের উখিয়ায় মাছ ধরতে গিয়ে সাগরে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে নবম শ্রেণির দুই শিক্ষার্থী। শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সমুদ্রে নামলেও আর ফিরে আসতে পারেনি হাবিবুল আবছার হাবিব (১৭) ও নাজমুল হোসেন সায়েম। পরবর্তীতে ইনানী ও মনখালী সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (৩০ আগস্ট) দুপুরে ইনানী সমুদ্র সৈকতের জেলেরা ভাসমান একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তীরে আনে। পরে তা হাবিবুল আবছার হাবিব বলে শনাক্ত হয়। এর আগের রাত আড়াইটার দিকে মনখালী সৈকত থেকে সায়েমের মরদেহ উদ্ধার করা হয়।
হাবিব উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসনের ছেলে এবং সায়েম একই ইউনিয়নের মনখালী গ্রামের নাজির হোছনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, মোট ছয় বন্ধু শখের বশে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। এর মধ্যে হাবিব ও সায়েম ঢেউয়ের তোড়ে ভেসে যায়, বাকি চারজন তীরে ফিরে আসে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও স্থানীয়রা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।