দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের মতো উপসর্গে আক্রান্ত আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা ৬১০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষাগারে নমুনা পরীক্ষার মাধ্যমে ২৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, এখন পর্যন্ত পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগে ৯১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১৯ শিশু। সব মিলিয়ে এ বছর প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সারা দেশে অন্তত ৯ হাজার ৫০০ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত করা হয়েছে।
এদিকে, সন্দেহভাজন রোগীর সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। অধিদপ্তরের হালনাগাদ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত দেশে মোট ৭৬ হাজার ৮৭৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।
তবে আক্রান্তদের একটি বড় অংশ ইতোমধ্যে সুস্থ হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, চিকিৎসা শেষে এখন পর্যন্ত ৫৮ হাজার ১৫৪ জন রোগী হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। একই সঙ্গে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করছেন তারা।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর