নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট এলাকায় তৃতীয় লিঙ্গের এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসমিন ওরফে সুমন (২৬) পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান। আহত চাঁদনী ওরফে বাবু (২৬) একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ইয়াসমিন ও চাঁদনীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ইয়াসমিন ঘটনাস্থলেই নিহত হন এবং চাঁদনী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।