নরসিংদীর রায়পুরায় মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এর স্মরণে নির্মিত নান্দনিক স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মতিউর নগর (সাবেক রামনগর) এলাকায় নির্মিত এ ম্যুরালটির উদ্বোধন করেন আশরাফ উদ্দিন বকুল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরাত জাহান কেয়া, আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা।

জানা গেছে, ২০১৬ সালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে রায়পুরা উপজেলার মতিউর নগর এলাকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে একটি স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হয়। তবে চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মহাসড়কের পাশে অবস্থিত ওই স্থাপনাটি অপসারণ করা হয়। পরে এর ক্ষতিপূরণের অর্থ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
সে সময় এক্সাভেটরের মাধ্যমে ম্যুরাল অপসারণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একই এলাকায় আরও বড় পরিসরে আধুনিক ও নান্দনিক নকশায় ‘বাংলার ঈগল’ নামে নতুন ম্যুরাল নির্মাণ করা হয়।
ম্যুরালটির নকশাকার শিল্পী অলি মাহমুদ জানান, ‘বাংলার ঈগল’-এ ত্রিমুখী কালো ফ্রেমের স্তম্ভ ব্যবহার করা হয়েছে। একটি স্তম্ভে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি, অন্যটিতে তাঁর জীবনবৃত্তান্ত এবং তৃতীয়টি খোলা আকাশের প্রতীক হিসেবে ফাঁকা রাখা হয়েছে।
মধ্যবর্তী ত্রিভুজাকৃতির স্তম্ভে টেরাকোটার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। এছাড়া ঝুলন্ত কলামে মতিউর নগর গ্রামের প্রবেশ নির্দেশক এবং অন্য একটি কলামে ‘বাংলার ঈগল’ নামটি সংযোজন করা হয়েছে। ম্যুরালের সর্বোচ্চ অংশে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছিনতাই করা টি-৩৩ যুদ্ধবিমানের আদলে নির্মিত একটি মডেল স্থাপন করা হয়েছে।