রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় লাল শার্ট পরিহিত এক ব্যক্তিকে হামলায় অংশ নিতে দেখা যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার পরিচয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান (বিপি নং-৯৭১৭১৯৭২৪৩)।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, “লাল শার্ট পরা ব্যক্তি কনস্টেবল মিজানুর রহমান, যিনি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা চালিয়েছেন।”
প্রসঙ্গত, শুক্রবার রাত ৯টার দিকে কাকরাইলে জাপার সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। গণঅধিকার পরিষদের অভিযোগ, জাপার কর্মীরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেয়। অন্যদিকে জাপার দাবি, মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদ।
সংঘর্ষের পরপরই বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। পরে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে তারা। এতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন, এবং তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ঘটনায় আরও অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।