রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাসপাতালটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ার পর এই অর্থদণ্ড আরোপ করা হয়।
ডিএসসিসি সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
অভিযান শেষে তিনি জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শনের সময় বেশ কয়েকটি অসঙ্গতি চোখে পড়ে। বিশেষ করে ব্লাড ব্যাংক ছাড়া অন্য ওয়ার্ডগুলোর রেফ্রিজারেটরে প্রয়োজনীয় তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা পাওয়া যায়নি। এছাড়া কিছু স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যপণ্যের লেবেলিং-সংক্রান্ত ত্রুটিও দেখা গেছে।
তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত এসব সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকেও অবহিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না হলে পুনরায় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জনবল সংকটের কারণে নিয়মিত তদারকিতে ঘাটতির কথা জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অভিযানের সময় হাসপাতাল ভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি বেকারি নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেকারিটি বন্ধ অবস্থায় পাওয়া গেছে। তবে হাসপাতালের ভবনের ভেতর থেকেই ওই স্থানে প্রবেশ করা সম্ভব হয়েছে এবং সেটি একই ভবনের অংশ হিসেবে দেখা গেছে।
অভিযান চলাকালে আরোপিত জরিমানার অর্থ হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে।