নেত্রকোনায় একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুরজাহান, তার দুই মেয়ে স্মৃতি আক্তার ও ইতি এবং অটোরিকশাচালক রেহান মিয়া।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, নুরজাহান পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশায় করে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে একটি লোকাল বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নুরজাহান ও তার মেয়ে স্মৃতির মৃত্যু হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে ইতিকেও মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক রেহান মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এলাকাবাসীর দাবি, দুর্ঘটনা এড়াতে ওই স্থানে দ্রুত গোলচত্বর ও স্পিড ব্রেকার নির্মাণ করা হোক।