গোপালগঞ্জ শহরতলীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিসিক শিল্প নগরী এলাকায় একটি বেকারির ভবনের দ্বিতীয় তলায়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির কাছ থেকে বের হয়ে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তি তাকে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে তাকে একটি বেকারির দোতলায় নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সময় শিশুটির চিৎকারে স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায়।
গ্রেফতার ব্যক্তি শফিকুল মোল্লা (২০), বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বাসিন্দা এবং সংশ্লিষ্ট বেকারির কর্মচারী বলে জানা গেছে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।