স্পেনের রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। প্রবাসী বাংলাদেশিরা দেশটির বিভিন্ন খোলা মাঠ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।
মাদ্রিদের বাংলাদেশ অধ্যুষিত লাভাপিয়েস এলাকার ক্যাসিনো পার্ক মাঠে স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিট এবং সকাল ৮টায় দুটি বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
রাজধানী মাদ্রিদ ছাড়াও পর্যটন নগরী বার্সেলোনা এবং কানারিয়াস দ্বীপপুঞ্জসহ স্পেনের বিভিন্ন শহরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
স্পেনের সবচেয়ে বড় ঈদের জামাতটি অনুষ্ঠিত হয় ‘সেন্ত্র কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদ’-এ (Centro Cultural Islámico de Madrid)। সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে স্পেনে নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশ্বের নানা প্রান্তের মুসল্লিরা অংশ নেন।
অন্যদিকে, লাভাপিয়েসের ক্যাসিনো পার্কের জামাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মুসল্লিরা সমবেত হন।
উল্লেখ্য, স্পেনের স্থানীয় আইন অনুযায়ী প্রকাশ্য স্থানে পশু কোরবানির নিয়ম না থাকায়, প্রবাসীরা আগে থেকে বুকিং দিয়ে অথবা স্থানীয় হালাল মাংসের দোকান থেকে মাংস সংগ্রহ করে ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।