কোরবানির ঈদের পর রাজধানীতে পশুর বর্জ্য ও আবর্জনা সময়মতো অপসারণ না করার ঘটনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনায় শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন পাঁচের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন একের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় একাধিক এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও পুরনো আবর্জনা রাস্তায় পড়ে থাকতে দেখা গেলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।