স্পেন সরকারের চালু করা অভিবাসীদের বিশেষ বৈধতা প্রক্রিয়ার শুরু থেকে এখন পর্যন্ত বার্সেলোনা সিটি কাউন্সিল ৪৭ হাজারের বেশি মানুষকে সহায়তা দিয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে অনেক অভিবাসী স্পেনে বৈধভাবে বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ পাচ্ছেন।
বার্সেলোনা সিটি কাউন্সিল জানিয়েছে, আবেদনকারীদের সহায়তার জন্য শহরের বিভিন্ন স্থানে বিশেষ তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্লাসা সান্ত মিকেল ও মনুমেন্তাল এলাকার নাগরিক সেবা অফিস, মিকেল ব্লেইচ কেন্দ্র, সাইয়ের (অভিবাসী, প্রবাসী ও শরণার্থী সহায়তা সেবা) অফিস এবং মন্টজুইকের ফিরা প্রাঙ্গণের প্যাভিলিয়ন-২।
এ পর্যন্ত প্রায় ২৯ হাজার ৮০০টি সার্টিফিকাদো ভুনেরাবলে (অরক্ষিত অবস্থার সনদ) ইস্যু করা হয়েছে। পাশাপাশি ১ লাখ ৭৫ হাজারের বেশি ভোলান্তেস দে পাদরোন (বাসিন্দা নিবন্ধনের কাগজ) এবং ৭৭ হাজারের বেশি সার্টিফিকাদো দে এমপাদরোনামিয়েন্তো (নিবন্ধন সার্টিফিকেট) সরবরাহ করা হয়েছে।
মন্টজুইকের ফিরা প্রাঙ্গণের প্যাভিলিয়ন-২ বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাতের সময় দেওয়ার প্রধান কেন্দ্র হিসেবে কাজ করছে। মে মাস থেকে সেখানে প্রায় ১৭ হাজার ৭০০টি সিরিয়াল দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকে কেন্দ্রটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে।
গত সপ্তাহ থেকে সেখানে একটি সমন্বিত সহায়তা দল কাজ শুরু করেছে। তারা আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সহায়তা করছে। ইতোমধ্যে ৪ হাজারের বেশি মানুষ এই সেবা নিয়েছেন।
সিটি কাউন্সিল আরও জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে বৈধতা প্রক্রিয়া সংক্রান্ত অধিকাংশ কাজ ও সহায়তা মিকেল ব্লেইচ কেন্দ্র এবং ফিরা প্যাভিলিয়নে কেন্দ্রীভূত করা হবে। প্লাসা সান্ত মিকেল ও মনুমেন্তাল অফিসে সপ্তাহের সাধারণ দিনে এই সেবা বন্ধ থাকবে। তবে মনুমেন্তাল কেন্দ্র শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আবেদনকারীদের সেবা দিয়ে যাবে।