দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এটি চলমান পরিস্থিতিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের সমান।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, মৃতদের মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি ১৬ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে।
বিভাগভিত্তিক হিসাবে দেখা গেছে, নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ঢাকায় একজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে ঢাকায় ৬ জন, সিলেটে ৩ জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে ২ জন করে এবং ময়মনসিংহে একজন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭১৯ জনে।
এদিকে একই সময়ে আরও ১ হাজার ১২৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪ হাজার ৯৪০।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকার আওতায় আনার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।