দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫২৮ শিশুর প্রাণহানির তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১ হাজার ৪৩৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
সর্বশেষ মৃত্যুর ঘটনায় ঢাকায় সবচেয়ে বেশি ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুরে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। সবগুলো মৃত্যুই হামের উপসর্গজনিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত ৪৪২ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৮৬ শিশু।
এদিকে চলতি সময়ে দেশে মোট ৬৩ হাজার ৮১৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় ৫০ হাজার ৫৫৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ হাজার ২১৪ শিশু। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত আরও অনেক শিশু চিকিৎসাধীন রয়েছে।