পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী একটি ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জনের বেশি।
রোববার শহরের একটি আবাসিক এলাকার মধ্য দিয়ে ট্রেনটি যাওয়ার সময় বিস্ফোরকভর্তি একটি গাড়ি ট্রেনের একটি বগিতে আঘাত হানে। বিস্ফোরণের তীব্রতায় দুটি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।
স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবন ও সড়কে থাকা বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় ট্রেনটি কোয়েটার সেনানিবাস এলাকা থেকে দূরপাল্লার ট্রেনের সঙ্গে সংযোগের উদ্দেশ্যে যাচ্ছিল।
ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে।
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কারণে অস্থির। এর আগেও অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক মানুষকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র: স্কাই নিউজ।