দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে ও এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে দুজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত, আর বাকি নয়জন উপসর্গ নিয়ে মারা গেছে।
শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জন শিশু আক্রান্ত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৫ জন। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪১৪।
এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩২৯ জনে। পাশাপাশি হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ৫৪০ শিশু।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে ২১০ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ হাজার।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব তথ্য ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। একই সঙ্গে শিশুদের দ্রুত চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।