রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে মাইন বিস্ফোরণে সুরুজ কাজী নামে মাদারীপুরের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি রাশিয়ায় অবস্থানকালে একটি সামরিক ক্যাম্পে রান্নার কাজ করতেন বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সুরুজ কাজী মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছালে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, প্রায় নয় মাস আগে দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকা খরচ করে রাশিয়ায় যান সুরুজ। শুরুতে একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও পরে বেশি আয়ের আশায় রুশ বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি ক্যাম্পে কাজ নেন। সেখানে তিনি রান্নার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
স্বজনদের দাবি, সম্প্রতি ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় একটি মাইন বিস্ফোরণের ঘটনায় তিনি নিহত হন। রাশিয়ায় থাকা কয়েকজন বাংলাদেশির মাধ্যমে পরিবার প্রথম এ খবর জানতে পারে।
ঘটনার পর থেকে যাদের মাধ্যমে সুরুজ বিদেশে গিয়েছিলেন, তারা এলাকায় নেই বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
নিহতের বাবা সাহাবুদ্দিন কাজী বলেন, ছেলের এমন মৃত্যু তারা কখনো কল্পনাও করেননি। তিনি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।
সুরুজের বড় বোনও কান্নাজড়িত কণ্ঠে জানান, পরিবার তাকে বিদেশে যেতে নিরুৎসাহিত করেছিল। কিন্তু বেশি আয়ের আশায় তিনি বিদেশে পাড়ি জমান এবং শেষ পর্যন্ত যুদ্ধের ভয়াবহতায় প্রাণ হারান।
মাদারীপুর জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।