নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা দাবি নিয়ে বিরোধের জেরে এক অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেন স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা।
নিহত মো. মমিন (৩৫) উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা। বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবারের সদস্যদের অভিযোগ, গত রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে মমিনের সঙ্গে স্থানীয় এক লাইনম্যানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর বুধবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্বজনরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।