মালয়েশিয়ায় হালাল ট্যুরিজম বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মাসুদ সাঈদী। মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আয়োজনে রাজধানী কুয়ালালামপুরে এ কর্মশালার আয়োজন করা হয়।
“মুসলিম-ফ্রেন্ডলি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ারনেস ওয়ার্কশপ” শীর্ষক দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় ১৪ মে। এতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পর্যটন খাতসংশ্লিষ্ট প্রতিনিধি, উদ্যোক্তা ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

কর্মশালায় মুসলিমবান্ধব পর্যটন ব্যবস্থা, হালাল হসপিটালিটি, শরিয়াহসম্মত সেবা কাঠামো, আন্তর্জাতিক পর্যটন ব্যবস্থাপনা এবং আধুনিক পর্যটন উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বিশ্বজুড়ে হালাল ট্যুরিজম শিল্পের প্রসার, মুসলিম পর্যটকদের চাহিদা এবং ইসলামিক মূল্যবোধভিত্তিক সেবার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে পর্যটন খাতে প্রযুক্তির ব্যবহার, সেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

মাসুদ সাঈদীর সঙ্গে কর্মশালায় অংশ নেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ডিএম ইমদাদুল হক, পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) আবু তৈয়ব রাশেদ এবং পরিচালক (প্রশাসন) হাফিজুর রহমান।
আয়োজনে অংশ নেওয়া প্রতিনিধিরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক কর্মশালা বাংলাদেশের হালাল ও মুসলিম-ফ্রেন্ডলি পর্যটন খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্ব পর্যটন বাজারে বাংলাদেশকে সম্ভাবনাময় হালাল ট্যুরিজম গন্তব্য হিসেবে তুলে ধরতেও সহায়ক হবে।