কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
পরিবারের বরাতে জানা গেছে, কয়েক দিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়। সেখানে ভেলোরের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
কারিনার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পেছনে হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতা এবং লিভার ফেইলিউরকে দায়ী করছেন চিকিৎসকেরা। চিকিৎসার অংশ হিসেবে তাঁর ফুসফুসের সমস্যারও চিকিৎসা চলছিল। একই সঙ্গে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল বলে পরিবার জানিয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পাওয়া কারিনা পরবর্তীতে নাটক, ওটিটি এবং চিত্রনাট্য রচনায়ও কাজ করেন। প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণ দর্শকদের মধ্যে পরিচিতি পান তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।
তাঁর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।